তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:৫৪, ১১ মে ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ভবিষ্যৎ প্রজন্মকে শুধু প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুললেই হবে না, তাদের নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, তরুণদের মধ্যে নৈতিকতার দৃঢ় ভিত্তি গড়ে না উঠলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না। তাই ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

আজ রোববার রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে। তবে দেশের অনেক কাঠামো এখনও এই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি।

তিনি বলেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোয় রূপান্তর করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের মূল্যবোধ ও ইতিবাচক চিন্তা গঠনে সহায়ক বিষয়বস্তু প্রচারের ওপর জোর দিতে হবে।

রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক বা দায়িত্বশীল ব্যক্তির নৈতিক মানদণ্ড সঠিক না থাকলে তার পরিণতি কখনোই ইতিবাচক হয় না।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে জন্মগতভাবে কিছু নেতিবাচক প্রবণতা থাকে, যা নিয়ন্ত্রণে ছোটবেলা থেকেই সুকুমার বৃত্তির চর্চা জরুরি। শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার প্রতিফলন থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা মানবিক ও উন্নত মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে দেশে এমন এক পরিবেশ ছিল যেখানে অনেক ইতিবাচক উদ্যোগ ও সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হতো না। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং মুক্ত আলোচনা ও মত প্রকাশের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সেমিনার শেষে তথ্যমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

শেয়ার করুনঃ
Advertisement