ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
Published : ১৩:০২, ১৩ মে ২০২৬
তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে পায়ে হেঁটেই অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গিয়ে এক ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন। কোনো সরকারপ্রধানের এভাবে নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বেলা ১২টার কিছু আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বের হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এই প্রথম কোনো সরকারপ্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিঘ্নে হেঁটে অনুষ্ঠানে এসেছেন। এটি একটি বিরল ঘটনা।”
প্রেস সচিব আরও বলেন, অতীতে বিভিন্ন সময় সরকারপ্রধানদের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে কেন্দ্র করে প্রতিবাদ, স্লোগান কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আজকের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। হাজারো শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং অনেকে দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সকাল ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠান শেষে সিনেট ভবনের সামনে প্রধানমন্ত্রীর গাড়ি প্রস্তুত থাকলেও তিনি হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থান নেন।
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে হেঁটে যেতে দেখে করতালি ও স্লোগানে স্বাগত জানান।
সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী প্রায় ১৫০ শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক মোর্শেদ হাসান খান বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো নিরাপত্তা বেষ্টনি ছাড়া এভাবে কোনো প্রধানমন্ত্রীর হেঁটে চলার ইতিহাস নেই। এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা।”
অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোবাইল লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।



































