আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত আনিসুর রহমান তারেক
Published : ১৭:২৫, ১৩ মে ২০২৬
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশ টিভির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আনিসুর রহমান তারেক।
সম্প্রতি বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আনিসুর রহমান তারেক। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আনিসুর রহমান তারেক দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া ও করপোরেট অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে আসছেন। টেলিভিশন শিল্পের বিজ্ঞাপন ও বিপণন খাতে তিনি একজন সুপরিচিত মুখ। বর্তমানে তিনি দেশ টিভির চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের মার্কেটিং কর্মকর্তাদের সংগঠন Media & Marketing Professional – EMMA-এর সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন। তার নেতৃত্বে সংগঠনটি মিডিয়া মার্কেটিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, আনিসুর রহমান তারেকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন গতি আসবে।



































