গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লব বাড়ৈ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত লব বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দা এবং আশুতোষ বাড়ৈর ছেলে। দুর্ঘটনার সময় তিনি একটি মোটরসাইকেলে আরও দুইজনের সঙ্গে জলিরপাড়ের দিকে যাচ্ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই একটি ট্রলির পেছনে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই লব বাড়ৈ মারা যান এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement