ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের সংসদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনার জন্য প্রচারণা চালিয়েছেন। এই ধরনের কর্মকাণ্ড ২০২৫ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, বিধি ১৮-এর পরিপন্থি এবং এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নোটিশে প্রার্থীকে নির্বাচনের আগে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সতর্ক করা হয়েছে, বিধিমালা লঙ্ঘন করলে নির্বাচন কমিশন প্রার্থীর বিরুদ্ধে জরিমানা আরোপ, প্রার্থিতা বাতিল বা অন্যান্য কঠোর ব্যবস্থা নিতে পারে।
সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চলাকালে আইন ও বিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে এবং সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার গুরুত্বের কথা গুরুত্বসহকারে উল্লেখ করেছে।
































