নোয়াখালীতে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিকাণ্ড

নোয়াখালীতে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী–৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি জানান, মঙ্গলবার ভোররাতে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে প্রথমে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা পরিকল্পিতভাবে নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তার দাবি, একটি পক্ষ নির্বাচন বানচাল ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement