ফেব্রুয়ারির আবহাওয়ায় তাপমাত্রা ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেব্রুয়ারির আবহাওয়ায় তাপমাত্রা ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারি মাসে আবারও তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাসজুড়ে আবহাওয়ায় একাধিক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, চলতি মাসে আবহাওয়ার কিছুটা অস্থিরতা থাকলেও বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। একই সঙ্গে মাসের প্রথম ভাগে দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। এতে স্থানীয়ভাবে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে।

তবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ ছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

অন্যদিকে, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement