জামায়াতে ইসলামী বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না এবং দেশটিকে আফগানিস্তানের মতো অবস্থার দিকে ঠেলে দিতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত ইসলামী নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিরোধী। তাদের দৃষ্টিভঙ্গি হলো, নারীরা ঘরের বাইরে কাজ করবে না এবং গৃহকোণেই সীমাবদ্ধ থাকবে।
এ সময় জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া সাম্প্রতিক একটি পোস্টের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যদি জামায়াতের আমির নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বা অবমাননাকর মন্তব্য করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপি বিশ্বাস করে, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই দলটি কাজ করে যাচ্ছে। তিনি জনগণের উদ্দেশে বলেন, দেশ এখন আপনাদের হাতে—এই সময়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
































