ভাইরাল তাজুর ফেসবুক পেজ ফিরে এলো

ভাইরাল তাজুর ফেসবুক পেজ ফিরে এলো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২২, ৬ এপ্রিল ২০২৬

সরকারি নির্ধারিত দামে জিলাপি বিক্রি নিয়ে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি আলোচনায় উঠে আসা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ আবার ফিরে পেয়েছেন। হঠাৎ করে উধাও হওয়ার একদিনের মধ্যেই তিনি তার পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে এই পেজটির অনুসারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাজুর ফেসবুক পেজটি পুনরায় দৃশ্যমান হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম।

এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি হঠাৎ করেই ফেসবুক থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা।

তাইজুল ইসলাম তাজু একই ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজ-তাহেরা দম্পতির ছয় সন্তানের মধ্যে সবার বড়। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন এবং ঢাকার বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মাত্র ১০ হাজারেরও কম অনুসারী নিয়ে গত ২৮ মার্চ হঠাৎ করেই আলোচনায় আসেন তাজু। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। শুরুতে অনেকে এটি নিয়ে ট্রল করলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।

প্রান্তিক চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। খুব অল্প সময়ের মধ্যেই তার পেজের অনুসারী সংখ্যা এক মিলিয়নের গণ্ডি পেরিয়ে যায়। তবে হঠাৎ করে রোববার পেজটি উধাও হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়ে। অনেকেই এর পেছনে অতিরিক্ত ট্রল কিংবা কিছু অতিউৎসাহী কনটেন্ট নির্মাতাদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। কেউ কেউ ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে কিংবা অন্য কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের মধ্যেই সোমবার সকালে পেজটি ফিরে পাওয়ায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে।

তাইজুল ইসলাম তাজু নিজেও এ বিষয়ে বলেন, আল্লাহর রহমতে আমি আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement