গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ নয়, সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ নয়, সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১০, ২৮ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়েই এ দাবি আদায়ের আন্দোলন থেকে জামায়াত সরে আসবে না।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিএনপি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দলটি আবারও দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পেলে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে নিজেদের চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের ওপর আর আস্থা রাখতে পারছে না।

বিরোধীদলীয় নেতা বলেন, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশকে বাংলাদেশ বন্ধু হিসেবে দেখতে চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুর রহমান।

শেয়ার করুনঃ
Advertisement