হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক: জেলা প্রশাসন
Published : ১০:২১, ৩০ জুলাই ২০২৬
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, গত বুধবার (২৯ জুলাই) পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।
১৪৪ ধারা প্রত্যাহারের ফলে পৌর এলাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আর কোনো প্রশাসনিক বিধিনিষেধ থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


































