সিআইডি পরিদর্শককে থাপ্পড় ও হত্যার হুমকির অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার

সিআইডি পরিদর্শককে থাপ্পড় ও হত্যার হুমকির অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

Published : ১০:০৩, ১০ আগস্ট ২০২৬

দিনাজপুর কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শককে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৯ আগস্ট) রাতে ঘটনার পর ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মজিবর রহমান ছাড়াও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে কোতোয়ালি থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। রাত ৯টা ৩৮ মিনিটের দিকে থানার ওসি কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান।


নওয়াবুর রহমান নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় আসার কথা জানান এবং ওসির অবস্থান সম্পর্কে তিনি জানেন না বলে জানান। এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, গালিগালাজের প্রতিবাদ করলে সঙ্গে থাকা আরও দুজনের উসকানিতে মজিবর রহমান নওয়াবুর রহমানের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। এ সময় থানার ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।


এজাহারে আরও বলা হয়েছে, পুলিশ সদস্যরা নওয়াবুর রহমানের পরিচয় নিশ্চিত করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা নওয়াবুর রহমান ও পুলিশ পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা জানান। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান জানান, ঘটনার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে চিকিৎসা গ্রহণ ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মামলা করতে কিছুটা সময় লেগেছে। মামলার সঙ্গে চিকিৎসাপত্রের মূল কপি এবং ঘটনার ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেনড্রাইভও জমা দেওয়া হয়েছে।


কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement