ওষুধ শিল্পে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নাইজেরিয়ার মধ্যে আলোচনা
Published : ১০:৪১, ১৮ আগস্ট ২০২৬
ওষুধ শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে আলোচনা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোলের (NAFDAC) প্রতিনিধিরা অংশ নেন।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়। দুই দেশের মধ্যে কার্যকর ওষুধ শিল্প অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আলোচনাটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। অন্যদিকে নাইজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন NAFDAC-এর মহাপরিচালক অধ্যাপক মোজিসোলা ক্রিশ্চিয়ানাহ আদেয়েয়ে।
আলোচনায় নাইজেরিয়ার বাজারে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারকদের প্রবেশের সুযোগ, নিবন্ধন ও পরিদর্শন প্রক্রিয়া, প্রযুক্তি হস্তান্তর, ভ্যাকসিন ও বায়োলজিক্স উৎপাদন, ফিল-অ্যান্ড-ফিনিশ এবং সক্রিয় ওষুধ উপাদান (API) নিয়ে সহযোগিতার বিষয় উঠে আসে। নাইজেরিয়ার পক্ষ থেকে ‘৫+৫’ নীতির আওতায় যৌথভাবে ওষুধ উৎপাদনের প্রস্তাবও দেওয়া হয়।
নাইজেরিয়া ওষুধ খাতে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ ওষুধের চাহিদার প্রায় ৯৮ শতাংশ স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করা হয় এবং বাংলাদেশ বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে।
দুই পক্ষ যৌথভাবে দুটি কারিগরি কমিটি গঠনে সম্মত হয়েছে। এসব কমিটি প্রস্তাবিত MoU-এর সহযোগিতার ক্ষেত্র নির্ধারণের পাশাপাশি API রপ্তানি, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন ও কারিগরি সহযোগিতার বিষয়ে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করবে।
এ ছাড়া নাইজেরিয়ার বাজারে ভ্যাকসিনের চাহিদা ও সম্ভাবনা যাচাইয়ে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে দুই দেশের ওষুধ শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা যাচাই এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

































