মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থী নিহত
Published : ১৩:০৯, ১৮ আগস্ট ২০২৬
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা পারভীন একই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক অবরোধ, দীর্ঘ যানজট
শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

































