হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
Published : ১১:৫১, ২০ আগস্ট ২০২৬
হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতের দিকে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে হোস্টেলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল বলে জানা গেছে।
একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ লোহার রড, ক্রিকেট স্টাম্পসহ দেশীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমিসহ অন্তত ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ
সংঘর্ষে আহত এক পক্ষের শিক্ষার্থীদের দাবি, ঘটনাটি শুধু সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে ঘটেনি। তাদের অভিযোগ, ছাত্রশিবির-সমর্থিত কয়েকজন শিক্ষার্থী পরিকল্পিতভাবে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর হোস্টেল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































