সাতছড়ি জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ২২ রাউন্ড গুলি

সাতছড়ি জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ২২ রাউন্ড গুলি ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

Published : ১৭:৩৩, ২০ আগস্ট ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় তল্লাশি চালানোর একপর্যায়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি।

প্রাথমিকভাবে বিজিবির ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা দুর্গম ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement