স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নারীর আত্মহত্যা
Published : ১৯:১৭, ২০ আগস্ট ২০২৬
ঝালকাঠির রাজাপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে মোসা. রাবেয়া বেগম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া ওই এলাকার আলতাফ হোসেন বেপারীর মেয়ে। তাঁর স্বামী মো. হৃদয় মালয়েশিয়াপ্রবাসী।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে হৃদয়ের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে রাবেয়া তাঁর প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাবেয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসি সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
































