৪০ হাজারের বেশি মানুষের ‘মনের কথা’ পৌঁছাল প্রধান উপদেষ্টার কাছে
Published : ১৯:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরিচালিত সচেতনতামূলক ভোটের গাড়ির কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে সাধারণ মানুষের কাছ থেকে।
এ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন এলাকায় স্থাপিত ‘জনমত বাক্স’-এ মোট ৪০ হাজার ২০৬ জন নাগরিক টুকরো কাগজে নিজেদের মতামত লিখে সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন।
ভোটের গাড়ির প্রচারণায় অংশ নেওয়া মানুষজন অকপটে তাদের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। কেউ লিখেছেন ব্যক্তিগত জীবনের বেদনা, কেউ দাবি জানিয়েছেন হয়রানিমুক্ত জনসেবা ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের।
অনেকেই জুলাই হত্যাকাণ্ডের বিচার, নারী-পুরুষের সমতা, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত, আধিপত্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কিছু মন্তব্যে সরকারের সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণও উঠে এসেছে।
বিভাগভিত্তিক প্রাপ্ত মতামতের মধ্যে ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, সিলেট থেকে ১ হাজার ৬৫১টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি এবং ময়মনসিংহ বিভাগ থেকে এসেছে ১ হাজার ৭৯৯টি মতামত।
ভোটের গাড়ি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে প্রচারণা চালিয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি নিজেদের কথা জানানোর সুযোগ পেয়েছেন।
গাজীপুর থেকে ১০ বছর বয়সী রাফা লিখেছে, সে ভবিষ্যৎ বাংলাদেশে নিরাপদ পরিবেশে মাটি ও বাতাসের মাঝে বাঁচতে চায় এবং নীতি-নির্ধারক তৈরির জন্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।
কুমিল্লা থেকে দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, মানুষ নির্ভয়ে ভোট দিতে চায়। ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না হয়—এমন প্রত্যাশা জানিয়ে তিনি প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
ঠাকুরগাঁওয়ের একজন লিখেছেন বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষের কষ্টের কথা। বরিশাল থেকে সাদিক লিখেছেন, শিক্ষকদের মানোন্নয়ন ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়।
এভাবেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ প্রধান উপদেষ্টার কাছে তাদের হৃদয়ের কথা তুলে ধরেছেন।
এ সব মতামত পড়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও খোলামেলা মত প্রকাশ একটি অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের বাছাই বা সম্পাদনা ছাড়াই সব প্রশংসা, পরামর্শ, সমালোচনা ও নিন্দাসহ প্রতিটি মন্তব্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।
বিডি/এএন



























