ভোটের দিনই হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

ভোটের দিনই হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সবাইকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের ভোট যেন হয়ে ওঠে নতুন বাংলাদেশের জন্মদিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দলমত নির্বিশেষে সবাই যেন পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যান এবং দ্বিধাহীন চিত্তে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে। দেশের চাবি এখন জনগণের হাতে—এই চাবি সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি আল্লাহর কাছে দেশবাসীর জন্য সঠিক পথে পরিচালনার দোয়া কামনা করেন এবং বলেন, এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন।

ড. ইউনূস আরও বলেন, এটি শুধু একটি অনুরোধ নয়, বরং জনগণের প্রতি তার দাবি—ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে সবাই যেন ভোটকেন্দ্রে উপস্থিত হন। তিনি উল্লেখ করেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; বরং তা ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং জাতিকে নতুনভাবে গঠনের পথে এগিয়ে নেবে। একই সঙ্গে এই ভোট প্রমাণ করবে যে তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কখনো হারিয়ে যাবে না।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, এটি কারো দয়া নয়; বরং সংবিধানপ্রদত্ত একটি মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ নির্ধারণ করে দেয় দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি একটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি এবার ব্যালটের মাধ্যমে উচ্চারিত হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ কোন পথে এগোবে। দেশ কি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপ নেবে, নাকি আবার পুরোনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাবে—এই প্রশ্নের উত্তর দেবে গণভোট।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement