ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ নাহিদ ইসলাম, ঘেরাওয়ের হুঁশিয়ারি
Published : ১৪:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের চারশ গজের ভেতরে কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। এ বিধিনিষেধের আওতায় সাধারণ ভোটারের পাশাপাশি সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা–১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। এই ধরনের বিধিনিষেধ কোথা থেকে এলো, কোন আইনের ভিত্তিতে এটি করা হচ্ছে—তা আমাদের বোধগম্য নয়। কার নির্দেশনা বা পরিকল্পনার আলোকে নির্বাচন কমিশন কাজ করছে, সেটিও এখন জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠছে। আমরা পরিষ্কার ভাষায় সতর্ক করে দিচ্ছি—আজ সন্ধ্যার মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, এতদিন আমরা নীরব থেকেছি, সবকিছু সহ্য করেছি। কিন্তু নির্বাচনের একেবারে প্রান্তে এসে যদি ভোট কারচুপির পরিবেশ তৈরি করা হয়, গণমাধ্যমকে ব্ল্যাকআউট করার চেষ্টা করা হয় কিংবা সাধারণ মানুষের তথ্য জানার অধিকার রুদ্ধ করা হয়—এই ধরনের কোনো আইন বা বিধি আমরা মেনে নেব না।
নির্বাচন কমিশনের উদ্দেশে ঢাকা–১১ আসনের এই প্রার্থী বলেন, এতদিন যা করার করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো পক্ষপাতমূলক আচরণের পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে।
বিডি/এএন



























