ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ইসির এই পদক্ষেপকে নাগরিকদের ভোটাধিকারে সরাসরি হস্তক্ষেপ বলে উল্লেখ করেন।

আরটিভির পাঠকদের জন্য তার পোস্টের বক্তব্য ঘুরিয়ে তুলে ধরা হলো—

এই দেশের মানুষ বরাবরই একটি স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে জাতি ভোটের অধিকার অর্জন করেছে। সাধারণ মানুষ চায় ভয়ভীতি ছাড়া নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, প্রার্থী ও প্রতীক নিয়ে আনন্দ প্রকাশ করতে।

নির্বাচনের দিন হওয়া উচিত গণতন্ত্রের উৎসবের দিন—যেদিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তুলবে এবং নিজের মত প্রকাশের স্বাধীনতাকে উপভোগ করবে।

এই স্বাভাবিক পরিবেশে কোনো ধরনের ব্যত্যয় মেনে নেওয়া যায় না। কেউ যদি জনগণের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বা এতে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে তাকে মনে রাখতে হবে—এই জাতি প্রস্তুত রয়েছে। বিশেষ করে তরুণ সমাজ অধিকার রক্ষায় সবসময় সোচ্চার।

ভোটের অধিকার একবার সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও এই অধিকার রক্ষায় আবারও সংগ্রামে নামতে হবে—ইনশাআল্লাহ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement