ভোটের দিনে গাড়ি–মোটরসাইকেল ব্যবহারে সীমা বেঁধে দিল ইসি

ভোটের দিনে গাড়ি–মোটরসাইকেল ব্যবহারে সীমা বেঁধে দিল ইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখতে প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টদের চলাচল বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রার্থী ও নির্বাচনি এজেন্ট সর্বোচ্চ একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি অথবা অটোরিক্সা। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কোনো গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের হিসাবের মধ্যেই ধরা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করা সম্ভব নয়, সেসব স্থানে প্রতিটি প্রার্থী ও নির্বাচনি এজেন্ট সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি আরোহী থাকা যাবে না।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনি এজেন্টরা নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন।

এ ছাড়া প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত অন্য কারও ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেসব ব্যক্তি যানবাহনে অবস্থান করবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করা পরিচয়পত্র বহন করতে হবে এবং সেটি গাড়িতে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement