বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ নেইমার ও কোচ আনচেলত্তি। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি স্পোর্টস ডেস্ক

Published : ১১:৫৭, ২০ জুন ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। চোট কাটিয়ে পুনর্বাসনের শেষ ধাপে থাকা এই ফরোয়ার্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই দেখা যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, শনিবার নেইমার এককভাবে অনুশীলন করবেন। এরপর সোমবার থেকে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামতে পারেন।

ডান পায়ের কাফের চোটে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে খেলতে গিয়ে তিনি এই চোটে আক্রান্ত হন। এরপর থেকে পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছেন।

চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের অন্যতম সেরা এই তারকা। দলের সঙ্গে সফরে না গিয়ে তিনি নিউ জার্সিতে দলের ক্যাম্পে থেকে চিকিৎসা ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সম্প্রতি নেইমারের পুনর্বাসনের কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, তিনি মাঠে ফিটনেস ও বল নিয়ে অনুশীলনের পাশাপাশি জিমেও নিয়মিত কাজ করছেন। পুরো প্রক্রিয়ায় তাকে সহায়তা করছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস ও মিনো ফুলকো।

তবে ব্রাজিল কোচিং স্টাফ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। শতভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। এ কারণেই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। আগামী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর সেই ম্যাচে নেইমার খেললে ব্রাজিল সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

শেয়ার করুনঃ
Advertisement