ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৮:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী এই সাবেক অধিনায়ক।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান মুশফিক।

বিসিবির সভায় তামিম ইকবাল বলেন, মুশফিক কয়েক দিন আগেই ফোন করে তাঁকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে। মুশফিককে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেই সিদ্ধান্তটি জানানোর পরামর্শ দিয়েছিলেন তিনি।

তামিম আরও বলেন, মুশফিককে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কারণ, বাংলাদেশের ক্রিকেটে মুশফিক একজন কিংবদন্তি। তাঁর বিদায়ের ঘোষণাটি যথাযথভাবে হোক, সেটিই চেয়েছিলেন বিসিবি সভাপতি। তবে মুশফিকের অনুরোধেই তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের বিষয়টি ঘোষণা করছেন।

মুশফিকের অবদানের কথা স্মরণ করে তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য তাঁর অবদান অসামান্য। অনেক ক্রিকেটার, শিশু ও সাধারণ মানুষের কাছে তিনি অনুপ্রেরণা ও আদর্শ হয়ে উঠেছেন। বিসিবির পক্ষ থেকে তাঁর জন্য বিশেষ আয়োজন ও সম্মাননার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৮টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। ৩৮.৮০ গড়ের পাশাপাশি সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস রয়েছে তাঁর। টেস্ট ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩০টি অর্ধশতক।

শেয়ার করুনঃ
Advertisement