৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড
Published : ১৩:৩২, ২৮ নভেম্বর ২০২৬
ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ব্রনসন রিড আর নেই। ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার, যার প্রকৃত নাম জার্মেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।
ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন জার্মেইন হ্যালি। রিংয়ে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। রেসলিংয়ের বাইরেও অসাধারণ মানুষ, পরিবারের প্রতি নিবেদিত সদস্য এবং সহকর্মীদের প্রিয় একজন ছিলেন তিনি।
বিবৃতিতে জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তান, পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডব্লিউডব্লিউই।
তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে একটি ম্যাচে গুরুতর আহত হয়েছিলেন রিড। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে প্রতিপক্ষ ওবা ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। এতে তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়।
রেসলিং ক্যারিয়ারে একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রনসন রিড। ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।
ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) ও নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিত ছিলেন তিনি।
১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ব্রনসন রিড। তার মৃত্যুর খবরে রেসলিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


































