ম্যাকেতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

ম্যাকেতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৪৩, ১৮ আগস্ট ২০২৬

ডারউনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই ম্যাকেতে দ্বিতীয় টেস্ট ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচ শুরুর চার দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা গেছে, ২২ আগস্ট প্রথম দিনের সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ সব টিকিট শেষ হয়ে গেছে। প্রথম দিনের করপোরেট প্যাকেজও আর পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। তবে তৃতীয় ও চতুর্থ দিনের কিছু টিকিট এখনো রয়েছে।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটিই হতে যাচ্ছে ছেলেদের প্রথম টেস্ট। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ১২তম এবং কুইন্সল্যান্ডের চতুর্থ টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকের এই মাঠের।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ডারউনে চার দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

দুই টেস্ট ঘিরে দর্শকদের ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তিনি বলেন, দুই টেস্ট ঘিরে তৈরি হওয়া উচ্ছ্বাস শক্তিশালী টিকিট বিক্রিতে প্রতিফলিত হচ্ছে।

ডারউনে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরলেও ম্যাকেতে এবারই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথাগত গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে আগস্টে উত্তরাঞ্চলে টেস্ট আয়োজনের সিদ্ধান্তের পর দর্শকদের এমন সাড়া আয়োজকদের জন্য বাড়তি স্বস্তি তৈরি করেছে।

গ্রিনবার্গ বলেন, ম্যাচ শুরুর আগেই ম্যাকেতে প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়ায় তারা খুবই আনন্দিত। অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের সমর্থনও অসাধারণ বলে উল্লেখ করেন তিনি।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ইয়াং জানান, স্থানীয় দর্শকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শকেরা ম্যাকেতে আসছেন। বড় আন্তর্জাতিক আয়োজনের ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতা দেখানোর সুযোগ হিসেবেও ম্যাচটিকে দেখছেন তারা।

আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৬টায় শুরু হবে খেলা।

ডারউনে ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। ম্যাকেতে টেস্ট ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে শান্তর দল। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো পথ নেই প্যাট কামিন্সের দলের।

শেয়ার করুনঃ
Advertisement