সর্বকালের সেরা ব্যালন ডি’অর মৌসুমের ভোটে মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেললেন রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অর মৌসুমের ভোটে মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেললেন রোনালদো ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:০১, ১৯ অক্টোবর ২০২৬

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বাছাইয়ের ভোটাভুটিতে লিওনেল মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের অফিসিয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই ভোটে এখন পর্যন্ত রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। বিপরীতে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুম পেয়েছে ১৩ শতাংশ ভোট।

গত কয়েক বছর বাদ দিলে দীর্ঘ সময় ব্যালন ডি’অরের লড়াই মূলত রোনালদো ও মেসিকে ঘিরেই আবর্তিত হয়েছে। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। বর্তমানে তারা এই পুরস্কারের প্রতিদ্বন্দ্বিতায় না থাকলেও কে সর্বকালের সেরা, সেই বিতর্ক এখনো অব্যাহত। নতুন এই ভোটাভুটির মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে দুই মহাতারকার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা।

অক্টোবরের শুরুতে শুরু হওয়া ভোট চলবে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। এতে বিজয়ী ফুটবলারের নাম নির্বাচন করা হচ্ছে না; বরং অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ কিংবদন্তির সেরা পুরস্কারজয়ী মৌসুম বেছে নেওয়া হচ্ছে। রোনালদো ও মেসির পাশাপাশি তালিকায় রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো।

তালিকাভুক্ত কিংবদন্তিদের মধ্যে ব্রাজিলের রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে এবং নেদারল্যান্ডসের ফন বাস্তেন ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে এই পুরস্কার অর্জন করেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতি ভোটের জন্য এক ইউরো খরচ করতে হবে। লটারিতে নির্বাচিত একজন ভোটার চলতি বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দুটি টিকিট পাবেন। পাশাপাশি ট্রফির একটি আইকনিক ছবিও ডাউনলোড করতে পারবেন ভোটাররা। একই প্রার্থীকে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোটাররা প্রতিটি মৌসুমের প্রাপ্ত ভোটের শতকরা হারও দেখতে পারবেন।

বর্তমান ভোটের হিসাবে মেসির ২০১২ সালের মৌসুম ১৩ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওই বছর এক পঞ্জিকাবর্ষে ৬৯ ম্যাচে ৯১ গোল করে রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন তারকা। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি।

মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম ৯ শতাংশ ভোট পেয়ে রয়েছে পরের অবস্থানে। ওই বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ৪১ ম্যাচে ২১ গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ওই মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপও জেতেন মেসি।

অন্যদিকে, রোনালদোর ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ৭ শতাংশ ভোট। তার ২০১৬ সালের পুরস্কারজয়ী মৌসুমের পক্ষে ভোট পড়েছে ২ শতাংশ।

শেয়ার করুনঃ
Advertisement