দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে সহায়তার আশ্বাস ইনফান্তিনোর

দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে সহায়তার আশ্বাস ইনফান্তিনোর ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৫:০১, ২০ অক্টোবর ২০২৬

দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যাওয়ার পথে ঢাকায় প্রায় দেড় ঘণ্টা ট্রানজিটে ছিলেন তিনি। ফেরার পথে আজ ঢাকায় যাত্রাবিরতি দেন পৌনে এক ঘণ্টার জন্য। এ সময় বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেস। এ উপলক্ষে বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে টোকিও গেছেন। ফলে আজ ঢাকা বিমানবন্দরে ফিফা সভাপতিকে বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা জানান দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ইনফান্তিনোও এএফসির সভায় যোগ দিতে টোকিও যাবেন।

ফিফা সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’

ভুটান সফরে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, দেশের টেকনিক্যাল সেন্টারে ফিফার একটি বড় প্রকল্প রয়েছে। সেখানে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাস ইনফান্তিনো ভুটান যাওয়ার আগেই দিয়েছেন।

ফাহাদ করিম আরও বলেন, মার্চে ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর অনুদান বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement