ইন্টারঅ্যাকটিভ কেয়ার্সের সিইও রেয়ার আল সামির বিমানবন্দরে আটক
Published : ১৯:১২, ২৮ এপ্রিল ২০২৬
এডটেক স্টার্টআপ ইন্টারঅ্যাকটিভ কেয়ার্সের প্রতিষ্ঠাতা ও সিইওরেয়ার আল সামিরকে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
অভিযোগ রয়েছে, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইমিগ্রেশন পুলিশ।
বিনিয়োগকারীরা অভিযোগ করেন, রেয়ার আল সামির তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেননি এবং প্রতিশ্রুত মুনাফাও বিতরণ করেননি। এছাড়া সাম্প্রতিক সময়ে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বকেয়া অর্থের পরিমাণ অন্তত ১০ কোটি টাকার বেশি হতে পারে। বিনিয়োগকারী ব্যবসায়ী সাদমান হোসেন বলেন, “অনেক মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, কিন্তু এখন কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। কোনো অর্থ ফেরত বা লাভের অংশ দেওয়া হয়নি।”
এদিকে, প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মী অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। ফলে তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রেয়ার আল সামির। তিনি বলেন, “অভিযোগগুলো সঠিক নয়। কোনো মানি লন্ডারিং হয়নি। এক-দুই মাসের মধ্যে সবাই তাদের অর্থ ফেরত পাবেন।”
২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় রেয়ার আল সামির এবং জামিলা ভূপাশা খুশবু মিলে ‘ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স’ প্রতিষ্ঠা করেন। অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ভাষা শিক্ষা বিষয়ে কোর্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হয়। এছাড়া ক্রাউডফান্ডিংধাঁচের বিনিয়োগ মডেলের মাধ্যমে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালে আন্তর্জাতিক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম অ্যাক্সিলারেটর এশিয়া
থেকে ১ লাখ ডলার বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি, যেখানে এটি বাংলাদেশের একমাত্র নির্বাচিত স্টার্টআপ ছিল।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।



































