মাত্র ৩ হাজার টাকায় শুরু, এখন মাসে ১৫ লাখ টাকার কারুপণ্যের ব্যবসা মৌরির
Published : ০২:৩৬, ২৯ নভেম্বর ২০২৬
ছোটবেলা থেকেই ছবি আঁকা, হাতের কাজ ও নান্দনিক উপহার তৈরির প্রতি আগ্রহ ছিল ফারজানা ইসলাম মৌরির। সেই সৃজনশীলতাকেই একসময় পেশায় রূপ দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ২০২০ সালে নিজের বাসার ডাইনিং টেবিলে শুরু করেন হাতে তৈরি উপহার ও কারুপণ্যের ছোট উদ্যোগ। পাঁচ বছরের ব্যবধানে সেই উদ্যোগই এখন ৫০০টির বেশি পণ্যের একটি সম্ভাবনাময় ব্যবসায় পরিণত হয়েছে। মাসে গড়ে প্রায় ১৫ লাখ টাকার পণ্য বিক্রি করছে তাঁর প্রতিষ্ঠান ক্রাফটিমেশন।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘সেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা’ পুরস্কার পেয়েছেন ফারজানা ইসলাম মৌরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এই স্বীকৃতি তাঁর ব্যবসায়িক যাত্রায় নতুন অনুপ্রেরণা ও দায়িত্ববোধ তৈরি করেছে বলে জানান মৌরি।
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন,ক্রাফটিমেশনের ফাউন্ডার ও সিইও ফারজানা ইসলাম মৌরি।
ক্রাফটিমেশনে তৈরি হয় রিকশা আর্টের নকশা করা পণ্য, মেটাল মিনিয়েচার, থ্রিডি নকশার সিরামিক মগ, কাঠের ক্ষুদ্রাকৃতি, জামদানি নকশার ডায়েরি, হাতে আঁকা সানগ্লাস, রেজিনের ভাস্কর্য, ঘর সাজানোর সামগ্রী এবং কাস্টমাইজড করপোরেট উপহারসহ পাঁচ শতাধিক ধরনের পণ্য। এসব পণ্যের দাম ৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটি বিকাশ, ইউনিলিভারসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্যও বিশেষ নকশার পণ্য ও স্মারক তৈরি করে।
বর্তমানে ক্রাফটিমেশনের স্থায়ী কর্মী রয়েছেন ৯ জন। কাজের ধরন ও অর্ডারের পরিমাণ অনুযায়ী আরও ৫০ থেকে ৬০ জন শিল্পী ও কারিগর যুক্ত হন। মালিবাগে প্রতিষ্ঠানের কার্যালয় থাকলেও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মালিবাগ চৌধুরীপাড়া, পুরান ঢাকা ও খিলগাঁওয়ের তিনটি ইউনিটে।
ব্যাংকের চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত
২০১৮ সালে অ্যাকাউন্টিংয়ে বিবিএ শেষ করার পর একটি ব্যাংকে চাকরি শুরু করেন মৌরি। তবে অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন, প্রচলিত চাকরির চেয়ে সৃজনশীল কাজের মধ্যেই তাঁর আগ্রহ বেশি। প্রায় তিন মাসের মধ্যে ব্যাংকের চাকরি ছেড়ে নিজের পছন্দের কাজকে ব্যবসায় রূপ দেওয়ার পরিকল্পনা করেন।
ছোটবেলা থেকেই কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে বাজার থেকে কেনা পণ্যের বদলে নিজের হাতে কিছু তৈরি করে দেওয়াই ছিল তাঁর পছন্দ। বন্ধুদের বিয়েতে পরিবারের ছবি দিয়ে কার্ড তৈরি কিংবা নিজের হাতে সাজানো উপহার দেওয়ার মতো কাজ তাঁকে আনন্দ দিত। সেই আগ্রহ থেকেই ২০২০ সালে ফেসবুকে ‘Craftimation’ নামে একটি পেজ খুলে ব্যবসার যাত্রা শুরু করেন। তখন তিনি এমবিএতে ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করছিলেন।
শুরুর দিকে হাতে তৈরি কার্ড, ছোট ল্যাম্প ও ট্রি ল্যাম্প তৈরি করতেন। ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কারুশিল্প তৈরির কৌশল শিখতেন। পরে সিরামিক ক্লে ব্যবহার করে মগের গায়ে ত্রিমাত্রিক নকশা তৈরির কাজ শুরু করেন। ক্রেতাদের নাম, ছবি কিংবা প্রতিষ্ঠানের লোগো যুক্ত করে মগ তৈরি করতেন তিনি। এসব পণ্যের চাহিদা বাড়তে থাকায় ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত মগ তৈরিতেই বেশি মনোযোগ দেন।
পরবর্তী সময়ে ক্রেতাদের চাহিদা ও নতুন নকশার ধারণা থেকে পণ্যের পরিধি বাড়তে থাকে। বাঁশ ও পাটের কারুপণ্য, কাঠ ও ধাতুর ক্ষুদ্রাকৃতি, রিকশা আর্ট, রেজিন আর্ট, ঘর সাজানোর সামগ্রী এবং কাস্টমাইজড উপহার যুক্ত হয় পণ্যের তালিকায়। ২০২১ সালে ট্রেড লাইসেন্স নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রাফটিমেশন যাত্রা শুরু করে।
জলাবদ্ধতায় ২০ লাখ টাকার ক্ষতি, ঘুরে দাঁড়াতে মায়ের সহায়তা
ব্যবসার পথ অবশ্য সব সময় মসৃণ ছিল না। ২০২৪ সালে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বাসার নিচতলায় থাকা অফিস ও কারখানায় পানি ঢুকে পড়ে। এতে প্রায় ২০ লাখ টাকা মূল্যের তৈরি পণ্য নষ্ট হয়। বড় এই ক্ষতি সামাল দিতে মৌরির মা নিজের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে তাঁকে সহায়তা করেন। সেই অর্থ দিয়ে আবার উৎপাদন শুরু করে ধীরে ধীরে ব্যবসা ঘুরে দাঁড় করান মৌরি।
নিজের এই যাত্রায় মায়ের অবদানকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন তিনি। মৌরি বলেন, তাঁর মা সব সময় সাহস ও উৎসাহ দিয়েছেন। পাশাপাশি স্বামীর সহযোগিতাও ব্যবসাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এসএমই মেলায় অংশগ্রহণে বদলে যায় ব্যবসার চিত্র
ক্রাফটিমেশনের ব্যবসা সম্প্রসারণে জাতীয় এসএমই পণ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালে মেলায় গিয়ে উদ্যোক্তাদের পণ্য উপস্থাপন, ক্রেতা আকর্ষণ এবং অর্ডার সংগ্রহের কৌশল পর্যবেক্ষণ করেন মৌরি। পরের বছর নিজস্ব স্টল নিয়ে মেলায় অংশ নেন। সেখানে হস্তশিল্প জোনে সেরা স্টলের স্বীকৃতি পান তিনি।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। নতুন ক্রেতা ও ব্যবসায়িক অর্ডার আসতে শুরু করে। কাস্টমাইজড উপহার ও করপোরেট স্মারকের বাজারেও পরিচিতি বাড়ে ক্রাফটিমেশনের। মৌরির ভাষ্য, মেলার স্বীকৃতি শুধু পুরস্কার ছিল না; এটি প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়িয়েছে এবং নতুন ক্রেতাদের আস্থা অর্জনে সহায়তা করেছে।
রিকশা আর্ট ও মেটাল মিনিয়েচারে দেশীয় ঐতিহ্যের প্রকাশ
ক্রাফটিমেশনের অন্যতম বিশেষত্ব বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে দৈনন্দিন ব্যবহার্য ও উপহারসামগ্রীতে তুলে ধরা। মোবাইল ফোনের কভার, কলম, সানগ্লাস, হারিকেন, টিফিন বক্স ও কাঠের ট্রাংকের মতো পণ্যে রিকশা আর্টের নকশা করা হয়। এমনকি ক্রেতার নিজের ছবি কিংবা পরিবারের সদস্যদের প্রতিকৃতিও এই শিল্পরীতিতে তৈরি করা হয়। এ কাজে যুক্ত রয়েছেন প্রায় ১৫ জন শিল্পী।
২০২৩ সালে রিকশা আর্টের পাশাপাশি মেটাল মিনিয়েচার তৈরিতেও বিনিয়োগ করেন মৌরি। রিকশা, ভ্যান, বেবিট্যাক্সি, ট্রাক, বায়োস্কোপ, গরুর গাড়ি ও ঠেলাগাড়ির ক্ষুদ্র সংস্করণ তৈরি করে প্রতিষ্ঠানটি। মেটাল শিট কেটে, হ্যান্ড প্রেস মোল্ড ও লেজার কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন অংশ তৈরি করা হয়। পরে সেগুলো ঝালাই করে কাঠামো তৈরি এবং তাতে রিকশাচিত্রের নকশা আঁকা হয়।
পণ্যের ধরন ও নকশা অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। যেমন, রিকশার ছোট সংস্করণ ৪৫০ টাকা, সিএনজি বা টেম্পো ৬৩০ টাকা, বুকশেলফ ৭৯৯ টাকা, সানগ্লাস ৪০০ টাকা এবং হারিকেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ট্রাকের ক্ষুদ্র সংস্করণের দাম ১ হাজার ৫০০ টাকা। কাস্টমাইজড পেইন্টিংয়ের দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং বিশেষ নকশার বড় পণ্যের দাম ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ক্রাফটিমেশন থেকে কিছু ক্ষুদ্র উদ্যোক্তা পাইকারি দামে পণ্য কিনে নিজেদের ব্র্যান্ডের নামে বিক্রি করেন। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানগুলো কর্মীদের স্বীকৃতি, ব্যবসায়িক অংশীদারদের উপহার, বিদেশি অতিথিদের স্মারক কিংবা প্রতিষ্ঠানের বার্ষিক উপহার হিসেবে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করিয়ে নেয়।
লক্ষ্য আন্তর্জাতিক বাজার ও এক হাজার মানুষের কর্মসংস্থান
বর্তমানে ক্রাফটিমেশনের পণ্য কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ক্রেতাদের কাছেও পৌঁছাচ্ছে। তবে এসব পণ্য এখনো তৃতীয় পক্ষের মাধ্যমে বিদেশে যাচ্ছে। আগামী বছর থেকে নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন মৌরি। এ লক্ষ্যে উৎপাদন সক্ষমতা বাড়াতে কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাঁর।
শুধু ব্যবসার পরিধি বাড়ানো নয়, দেশীয় কারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কারিগরদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করতে চান তিনি। ভবিষ্যতে এক হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই উদ্যোক্তা। পাশাপাশি শিশুদের বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে দেশীয় শিল্প ও ঐতিহ্যভিত্তিক খেলনা তৈরির কাজও করছেন।
নতুন উদ্যোক্তাদের জন্য মৌরির পরামর্শ, ব্যবসা শুরুর আগে অন্তত দুই থেকে পাঁচ বছরের পরিকল্পনা করা উচিত। যে খাতে উদ্যোগ নিতে চান, সেই খাতের বাজার, প্রতিযোগী, উৎপাদন খরচ ও সম্ভাব্য ক্রেতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাঁর মতে, সৃজনশীলতার পাশাপাশি নতুন পণ্য উদ্ভাবন, মান বজায় রাখা এবং বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলাই একটি উদ্যোগকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ শর্ত।
মাত্র ৩ হাজার টাকার পুঁজি নিয়ে ঘরের ডাইনিং টেবিলে শুরু হওয়া ক্রাফটিমেশন এখন দেশীয় শিল্প ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরছে। মৌরির স্বপ্ন, বাংলাদেশের কারুশিল্পকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা এবং স্থানীয় শিল্পীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

































