জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টল পুরস্কার পেল আইটি বিটস, বিশেষ উদ্যোগ সাইকেলসার্কেল-এর জন্য
Published : ০৩:৪৬, ২৯ নভেম্বর ২০২৬
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘তথ্য ও প্রযুক্তি সেবা’ বিভাগে সেরা স্টল পুরস্কার অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইটি বিটস। প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও এরিকা আফরিন বুশরা বলেন এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, যে স্টল থেকে তাঁদের স্বাস্থ্যসেবা-সহায়ক ডিজিটাল প্ল্যাটফর্ম সাইকেলসার্কেল-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, মেলা শেষে সেই স্টলই পেয়েছে সেরা স্টলের স্বীকৃতি।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী মেলায় সাইকেলসার্কেল নিয়ে দর্শনার্থী ও সম্ভাব্য ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান আইটি বিটস-এর প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের, মা কিংবা মেয়ের স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও যত্নের নানা অভিজ্ঞতা তুলে ধরেন দর্শনার্থীরা। এসব অভিজ্ঞতা সাইকেলসার্কেল-এর মূল ভাবনার সঙ্গে মানুষের বাস্তব প্রয়োজনের সংযোগ আরও স্পষ্ট করেছে।
এরিকা আফরিন বুশরা জানান, পরিবারের একাধিক প্রজন্ম যেন একই অ্যাপ ব্যবহার করে আলাদা আলাদা প্রোফাইলের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য ও সুস্থতার তথ্য সংরক্ষণ এবং যত্ন নিতে পারেন—এমন চিন্তা থেকেই তৈরি করা হয়েছে সাইকেলসার্কেল। পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা ও যত্নের বিষয়গুলো একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনাই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য।
তিনি বলেন, মেলার সাত দিনে সাইকেলসার্কেল নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অসংখ্য বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ শোনার সুযোগ হয়েছে। কেউ নিজের স্বাস্থ্য নিয়ে, কেউ মায়ের যত্ন নিয়ে, আবার কেউ মেয়ের সুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন। মানুষের এসব অভিজ্ঞতা উদ্যোগটির প্রয়োজনীয়তা বুঝতে এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
এই অর্জনে স্টলে আসা দর্শনার্থী, শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইটি বিটস-এর ফাউন্ডার ও সিইও এরিকা আফরিন বুশরা। একই সঙ্গে আয়োজনের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এসএমই ফাউন্ডেশন এবং পুরো আইটি বিটস টিমের প্রতি ধন্যবাদ জানান তিনি।
দেশের উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের বিকাশে উৎসাহ ও সহায়ক পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বুশরা। তাঁর প্রত্যাশা, এ ধরনের আয়োজন ও স্বীকৃতি নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
সাইকেলসার্কেল-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর স্টল থেকেই সেরা স্টলের স্বীকৃতি পাওয়া আইটি বিটস-এর জন্য কেবল একটি পুরস্কার নয়; বরং মানুষের অভিজ্ঞতা, পরামর্শ ও অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন উদ্যোগের প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতে সাইকেলসার্কেল-কে আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্যসচেতনতা ও ব্যক্তিগত যত্নের ক্ষেত্রে কার্যকর ডিজিটাল সহযোগী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন এরিকা আফরিন বুশরা।
































