বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Published : ১২:১১, ১৭ আগস্ট ২০২৬
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সমুদ্রে থাকা নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



































