পুলিশ পরিদর্শককে থাপ্পড়ের অভিযোগ: কৃষক দল নেতার মুক্তির দাবিতে ধর্মঘট

পুলিশ পরিদর্শককে থাপ্পড়ের অভিযোগ: কৃষক দল নেতার মুক্তির দাবিতে ধর্মঘট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১২, ১১ আগস্ট ২০২৬

পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেলা কৃষক দলের সদস্যসচিব মজিবর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের প্রধান চারটি প্রবেশপথসহ বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।

এতে দিনাজপুর শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা। স্থানীয়দের দাবি, অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা তৈরি হয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মজিবর রহমানকে মারধর করা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীকে অপসারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং পুরো ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

মজিবর রহমান জেলা কৃষক দলের সদস্যসচিব ও সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা। পাশাপাশি তিনি বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য এবং একটি ইজিবাইক গ্যারেজের মালিক। তবে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল সোমবার তাঁকে সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

থানায় বাগ্‌বিতণ্ডার পর মামলা

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে কোতোয়ালি থানায় যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন।

একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে নওয়াবুর রহমানের কাছে তাঁর অবস্থান জানতে চান মজিবর। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মজিবর রহমান নওয়াবুরকে থাপ্পড় মারেন বলে পুলিশ জানিয়েছে।

পরে ওই রাতেই নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় বর্তমানে কারাগারে আছেন মজিবর রহমান।

বিভিন্ন সড়কে অবরোধ

আজ সকাল ১০টার পর দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা, সরকারি কলেজ মোড়, সিএন্ডবি মোড় ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বাস-ট্রাক সড়কে দাঁড় করিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এর ফলে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, মজিবর রহমান তাঁদের শ্রমিক সংগঠনের সদস্য। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের পর মজিবরকে থানা হেফাজতে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মজিবর যে অপরাধ করেছেন, তার যথাযথ আইনগত বিচার হওয়া উচিত। তবে পুলিশ হেফাজতে কোনো ধরনের শারীরিক নির্যাতন তাঁরা মেনে নেবেন না। চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও ধর্মঘট চলবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement