প্রেমিকের সঙ্গে পালিয়ে বিপত্তি: ২ দফা ধর্ষণ শেষে ছাদ থেকে ফেলে দেওয়া হলো তরুণীকে

প্রেমিকের সঙ্গে পালিয়ে বিপত্তি: ২ দফা ধর্ষণ শেষে ছাদ থেকে ফেলে দেওয়া হলো তরুণীকে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ডেকে নিয়েছিলেন তার প্রেমিক। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত স্থানে দেখা করার পর তাকে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

এরপর অভিযুক্ত যুবক ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে পালিয়ে যান। অসহায় অবস্থায় সেখান থেকে কোনোমতে স্থানীয় প্রধান সড়কে পৌঁছান ভুক্তভোগী।

বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। তরুণীর বিপর্যস্ত অবস্থা দেখে তিনি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।

কিন্তু অভিযোগ রয়েছে, বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে ওই যুবক তাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে গিয়েও তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তরুণী প্রতিরোধের চেষ্টা করলে তাকে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা ভবনের নিচে তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর এলাকায়। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

জগৎসিংহপুরের পুলিশ সুপার অঙ্কিতকুমার বর্মা জানান, গত ২২ ফেব্রুয়ারি তরুণী নিজ বাড়ি থেকে বের হন। তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী প্রেমিক তাকে একটি মন্দিরের সামনে যেতে বলেন, যেখানে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

তরুণী সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক উপস্থিত ছিলেন। কিন্তু বিয়ের পরিবর্তে তিনি তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পরে তাকে রাহামা বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে পালিয়ে যান। সেখানে তরুণী বাসের অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময় ঝাড়খণ্ড থেকে আসা এক যুবক পারাদ্বীপের দিকে যাচ্ছিলেন।

অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা তরুণীকে দেখে তিনি মোটরসাইকেলে তুলে নেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, তাকে নিজের ভাড়া বাসার পাঁচতলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং পরে ছাদ থেকে ফেলে দেন। এতে তরুণীর মৃত্যু হয়।

২২ ফেব্রুয়ারি থেকে তরুণী নিখোঁজ থাকায় তার ভাই থানায় অভিযোগ দায়ের করেন। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সুপ্রিমো ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

খবর: আনন্দবাজার পত্রিকা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement