গাজীপুরে শ্রমিকদের কাজে ফেরা, খুলেছে বন্ধ কারখানাও
Published : ১১:৩০, ২৮ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা যায়, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে গাজীপুরে শ্রমিক আন্দোলন চলছিল। এর জেরে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন।
সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তারা সন্তুষ্ট। আর কোনো আন্দোলন চান না জানিয়ে তারা সরকারকে ধন্যবাদ জানান। শনিবার থেকে আনন্দের সঙ্গে কাজে যোগ দেওয়ার কথাও বলেন তারা।
পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হতো। নতুন মজুরিতে তারা সন্তুষ্ট বলে জানান।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানার উৎপাদন ভালো থাকলে মালিক ও শ্রমিক উভয়েই ভালো থাকবেন এবং দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, তিনি আশা করছেন, শ্রমিকরা আর আন্দোলনে না গিয়ে কাজে মনোযোগ দেবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

































