ইরানে পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় সন্তান জন্মের পর স্বামীর হাতে খুন কিশোরী

ইরানে পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় সন্তান জন্মের পর স্বামীর হাতে খুন কিশোরী ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৮:১৮, ২৮ নভেম্বর ২০২৬

ইরানে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিনের মধ্যেই স্বামীর হাতে খুন হয়েছেন ১৪ বছর বয়সী কিশোরী সোগান্দ মোশতারেকি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মানবাধিকারকর্মীদের বরাতে জানা গেছে। গত ৬ নভেম্বর দেশটির কেরমান প্রদেশে তাঁকে হত্যা করা হয়।

ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) নারী কমিটির তথ্য অনুযায়ী, সোগান্দের স্বামী হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার কারণ হিসেবে তিনি ‘পারিবারিক বিরোধের’ কথা উল্লেখ করেছেন।

মাত্র ১৩ বছর বয়সে সোগান্দকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে একটি সন্তানের জন্ম দেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সড়ক দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন এই স্কুলছাত্রী।

সোগান্দের বাবা ইরান হিউম্যান রাইটসকে (আইএইচআর) জানান, তাঁর স্বামী মেয়েকে পরিবারের সঙ্গে কথা বলতে দিতেন না। এমনকি বাইরে যাওয়ার সময় তাঁকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন। আইএইচআর জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোগান্দকে হত্যার দিনই ইরানে স্বামীর হাতে প্রাণ হারান আরেক তরুণী। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নির্যাতনকারী স্বামীকে তালাক দিতে চাওয়ায় ২১ বছর বয়সী অন্তঃসত্ত্বা সেপিদেহ রাইসিকে গুলি করে হত্যা করা হয়। বাল্যবিয়ের শিকার সেপিদেহ তিন বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। এনসিআরআইয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১৩ বছর বয়সে তাঁরও বিয়ে হয়েছিল।

এনসিআরআইয়ের মতে, ইরানে জোরপূর্বক বাল্যবিয়ের শিকার মেয়েরা শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, শুধু গত মাসেই ইরানে ২৪টি ‘ফেমিসাইড’ বা নারীকে লিঙ্গভিত্তিক কারণে হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের মতে, অনেক হত্যাকাণ্ডের তথ্যই প্রকাশ্যে আসে না।

এর আগে ইরানে ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে তাঁর বাবা-মা হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। মৃত্যুর কয়েক দিন আগে পরিবারকে নিজের দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার আদালতে গিয়েছিলেন তাঁর বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লাইলা ভেইসি। বাড়িতে ফিরে তাঁরা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিবিরোধী ওষুধ খাওয়ান এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি তখনো বেঁচে আছেন বুঝতে পেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে হেলিয়াকে হত্যার কথা তাঁর বাবা-মা স্বীকার করেন বলে জানা গেছে। ওই দিনই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

শেয়ার করুনঃ
Advertisement