কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর
Published : ১২:৩২, ১৮ অক্টোবর ২০২৬
কানাডার আলবার্টা প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ওয়েনরাইটে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘাঁটিটিতে আগুন জ্বলছিল।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি শনিবার অটোয়ায় সাংবাদিকদের বলেন, ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা তাঁর মনে পড়ে না।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রতিরক্ষামন্ত্রী। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কানাডার সামরিক বাহিনী ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তদন্ত করছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এ ঘটনায় কেন্দ্রীয় সরকার আলবার্টা প্রাদেশিক সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
অগ্নিকাণ্ডে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং আগুন লাগার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।































