ভোট দেওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো

ভোট দেওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন আশা করছে, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

ভোট দিতে যাওয়ার আগে যেসব তথ্য জানা জরুরি—নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার ক্রমিক নম্বর। এসব তথ্য পাওয়া যাবে ‘Smart Election Management BD’ অ্যাপের মাধ্যমে, যা গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উপলব্ধ।

এ ছাড়া হটলাইন ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ। এসএমএসের মাধ্যমে তথ্য পেতে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে পাঠানো যাবে। পাশাপাশি ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস এবং সরাসরি ভোটকেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো, যদিও তা বাধ্যতামূলক নয়। কোনো ধরনের অস্ত্র বা দাহ্য বস্তু নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কেন্দ্রে পৌঁছানোর পর ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই করা হবে এবং বাম হাতের আঙুলে কালির দাগ দেওয়া হবে। এরপর ভোটারকে দুটি ব্যালটপেপার দেওয়া হবে—একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।

ভোটারকে গোপন কক্ষে গিয়ে ব্যালটে রাবার স্ট্যাম্প ব্যবহার করে ভোট দিতে হবে। ভোট দেওয়ার পর ব্যালট ভাঁজ করে নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে। ভোট সম্পন্ন হলে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা রয়েছে।

এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। সম্পূর্ণ কাগজের ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমেই ভোট গ্রহণ হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কেবল তথ্য সরবরাহ ও প্রশাসনিক সহায়তার কাজে ব্যবহৃত হচ্ছে।

নির্বাচনসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী—দেশে সংসদীয় আসন রয়েছে ২৯৯টি। নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। সারা দেশে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি।

মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচন কমিশনের প্রত্যাশা—ভোটাররা যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement