প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ ও তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
Published : ১৪:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কমনওয়েলথ অবজারভার গ্রুপ ও তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো (H.E. Nana Akufo-Addo)-এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া একই দিনে তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দলও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ (Mehmet Akif Yilmaz)-এর নেতৃত্বে গঠিত এই দলটি তুরস্কের সংসদ সদস্যদের নিয়ে গঠিত।
দুটি বৈঠকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলগুলো বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বিদেশি পর্যবেক্ষকদের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিডি/এএন



























