নির্বাচন ঘিরে রাত ১২টা থেকে মোটরসাইকেল বন্ধ, কাল হবে পরিবহন
Published : ১৪:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগেই ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বিভিন্ন ধরনের যান চলাচল সাময়িকভাবে সীমিত করা হচ্ছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
তবে এই বিধিনিষেধ সব যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত গাড়ি, ওষুধ পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যান চলাচলের অনুমতি পাবে।
বিদেশগামী যাত্রী কিংবা বিদেশ থেকে ফেরা স্বজনদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে আসা যানবাহন চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে টিকিট বা উপযুক্ত প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।
একই সঙ্গে দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীদের স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে এবং নির্ধারিত স্টিকার প্রদর্শনের মাধ্যমে একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি/এএন



























