নতুন মন্ত্রিসভার শপথ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, জানালেন আইন উপদেষ্টা

নতুন মন্ত্রিসভার শপথ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, জানালেন আইন উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের পর তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, দেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হয়, কিন্তু এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বিএনপির ইচ্ছায় এই শপথ অনুষ্ঠান সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে। এরপর সংসদীয় দলের প্রধান নির্বাচিত হবেন এবং বিকেল ৪টায় রাষ্ট্রপতির মাধ্যমে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সংসদটি অন্য সংসদের থেকে ভিন্ন, কারণ এটি ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণঅভ্যুত্থান, ত্যাগ ও কষ্টের বিনিময়ে গঠিত। এখানে ইতিহাসে স্মরণীয় কিছু ঘটনা ঘটেছে, যেমন জুলাই সনদ ঘিরে অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়া ও প্রিয় ওসমান হাদির জানাজা।

তিনি বলেন, এটি শুধু শপথ অনুষ্ঠান নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক। দক্ষিণ প্লাজা গণঅভ্যুত্থান সম্পর্কিত নথিপত্র প্রকাশের একটি জায়গা হিসেবেও গুরুত্বপূর্ণ, যা নতুন সংসদের স্মৃতিসৌধ হিসেবে দাঁড়িয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement