তারেক রহমানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত জয়
Published : ১৮:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানালেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, সে ক্ষেত্রে তাঁর সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র ছেলে সজীব ওয়াজেদ জয়–এর।
জয় বলেন, তিনি সব সময় সংলাপে বিশ্বাসী—পরিস্থিতি যত কঠিনই হোক কিংবা যার সঙ্গেই আলোচনা করতে হোক না কেন। এটাকেই তিনি নিজের জীবনদর্শন হিসেবে উল্লেখ করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জয়কে সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদমাধ্যম ITV। বাংলাদেশ সময় শনিবার ভোরে সেই সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে জাতিসংঘসহ কয়েকটি দেশ স্বাগত জানালেও জয় এটিকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বড় দল এবং অন্যান্য প্রগতিশীল দলগুলোকে কার্যত নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। এতে পরিকল্পিতভাবে এমন পরিবেশ তৈরি হয়েছে, যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে তাদের প্রকৃত জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে।
তিনি আরও বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ অবস্থায় থাকলে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, সেখানে যদি বড় কোনো দল নিষিদ্ধ করা হতো, সেটিও একই রকম অগ্রহণযোগ্য হতো।
আওয়ামী লীগ আমলে জামায়াত নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জয় দাবি করেন, দলটিকে সরকার সরাসরি নিষিদ্ধ করেনি; আদালতের রায়ের কারণেই তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। জামায়াত চাইলে তাদের গঠনতন্ত্র সংশোধন করে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
এবারের নির্বাচনকে প্রহসন বললেও আওয়ামী লীগ সরকারের সময় হওয়া আগের তিন নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তাঁর দাবি, ওই তিন নির্বাচনের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল অংশ নেয়নি।
আন্তর্জাতিক পর্যবেক্ষক বা বিদেশি সাংবাদিকরা যদি এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মূল্যায়ন করেন, সেটি তিনি গ্রহণ করবেন কি না—এ প্রশ্নে জয় স্পষ্ট করে বলেন, তিনি তা মানতে রাজি নন। তাঁর মতে, দেশে থাকা অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে চলাফেরা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এমন ছিল যে স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা কঠিন।
বাংলাদেশে ফেরার পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নে জয় জানান, একসময় অবশ্যই দেশে ফিরবেন। তিনি বলেন, বর্তমানে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন—এ ধরনের পরিস্থিতি স্থায়ী নয়।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জয় বলেন, তাঁর বিশ্বাস, একদিন তাঁর মা বাংলাদেশে ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা নিরাপদ নয় বলেই তিনি মনে করেন।
বিডি/এএন






























