তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন সারজিস আলমের
Published : ১৭:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জনের পর রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ জোরদারের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর অংশ হিসেবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথকভাবে এই দুই রাজনৈতিক নেতার নিজ নিজ বাসভবনে গিয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। বিষয়টি ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। পাশাপাশি এ উদ্যোগ নেওয়ায় বিএনপি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ইতিবাচক রাজনৈতিক চর্চার সূচনা হিসেবে আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
তিনি আরও লেখেন, পুরোনো প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হন সারজিস আলম।
বিডি/এএন
































