পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে নির্বাচনের মাধ্যমে: প্রেস সচিব
Published : ১৮:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে কোথাও সহিংসতা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মসম্মান ফিরে পেয়েছে। তিনি বলেন, সবাই দেখেছেন—পুলিশ দায়িত্ব পালনে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, এবারই প্রথম এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি জানান, এবার বড় পরিসরে প্রথমবারের মতো বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সরাসরি ১৭টি ভোটকেন্দ্রের সঙ্গে কথা বলেছেন।
এ সময় হাতিয়ায় সংঘটিত ধর্ষণের ঘটনায় তিনি জানান, সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে, যাতে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা যায়।
এ ছাড়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে SAARCভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব।
বিডি/এএন






























