রমজানে সব হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

রমজানে সব হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে, রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। এরও আগে, গত ৫ জানুয়ারি তিনি সরকারকে একটি আইনি নোটিশ পাঠান, যেখানে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ওই নোটিশে বলা হয়—বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান।

স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার একটি দীর্ঘদিনের আইনগত প্রথা ও নীতি বিদ্যমান রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে দেশে প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। সেই প্রেক্ষাপটে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে রোজা রাখার ক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক কষ্ট বেড়ে যায় এবং ধর্মীয় অনুশীলন থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

পাশাপাশি, রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা নগরবাসীর জন্য বাড়তি দুর্ভোগ ডেকে আনে—যা কারও কাম্য নয়।

আইনি নোটিশের জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালতের দ্বারস্থ করা হয় এবং সেই রিটের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement