ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ ও তথ্য আদান–প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি সিটিটিসির সামগ্রিক সক্ষমতা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং ডগ স্কোয়াডের পেশাদারিত্বের প্রশংসা করেন।
এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় সিটিটিসির চলমান কার্যক্রম, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ভবিষ্যতে পারস্পরিক সহায়তা জোরদার করার বিষয় নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে রাষ্ট্রদূতের একটি বিশেষ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



























