অফিসিয়াল ফেসবুক পেজ চালু প্রধানমন্ত্রীর

অফিসিয়াল ফেসবুক পেজ চালু প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার পর নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক ঘোষণা, নীতিগত সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে একটি অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh– প্রধানমন্ত্রীর কার্যালয়’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব প্রতিরোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই পেজটি সরকার ও জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

নতুন চালু হওয়া পেজটির ডিসপ্লে পিকচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিভিন্ন প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচি সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় রেখেই দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সব আপডেট এই ভেরিফাইড প্ল্যাটফর্মেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন পার হয়। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয়।

পরে একই দিন রাতে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ সাংবিধানিক মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। সরকারের এই পরিবর্তনের ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও প্রয়োজনীয় রদবদল আনা হয়।

আজ সকাল ১০টার দিকে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে একটি বিদায়ী পোস্ট দেওয়া হয়। সেখানে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় ওই পেজটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement