জাতির উদ্দেশে সন্ধ্যায় প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে সন্ধ্যায় প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে।

সরকারের এক তথ্যবিবরণীর মাধ্যমে জানা গেছে, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে। সকাল ১১টায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সেখানে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি মোনাজাতে অংশ নেন এবং দিনের বাকি কাজের জন্য সচিবালয়ে পৌঁছান।

দপ্তরভিত্তিক সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যা হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। বিকেল ৪টায় দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগগুলো নতুন সাজে সজ্জিত করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও প্রহরায় নিয়োজিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবার শপথবাক্য পাঠ করান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement