অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনও স্পষ্ট কারণ দেখানো ছাড়াই সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদের আঙিনার ভিতর থেকে শেখ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রেপ্তারের কারণ বা তার বিরুদ্ধে নেওয়া কোনো আইনি ব্যবস্থা এখনও প্রকাশ করেনি।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতরে ইসরায়েলি তৎপরতা বেড়েছে। এর মধ্যে রয়েছে ইমাম ও প্রচারকদের উপর বিধিনিষেধ বৃদ্ধি, মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ, এবং মসজিদের আশপাশের বসতি স্থাপনকারীদের ওপর কড়া পুলিশি নজরদারি।
প্রতিবেদনের ভিত্তিতে বলা হয়েছে, জেরুজালেমের পুরাতন শহর ও আল-আকসা প্রাঙ্গণের আশেপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সেখানে ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার ও নির্বাসনের আদেশের খবর পাওয়া গেছে। বর্তমানে শেখ আল-আব্বাসির গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য বা বিবৃতি আসেনি।


































