প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশের সরকারের অগ্রাধিকার নির্ধারণ এবং কর্মপরিকল্পনা কার্যকর করার জন্য শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে।

তিনি জানান, এই রোডম্যাপ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট না করার উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান, তাই সরকারের অগ্রাধিকার থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষা। এ সময় সমস্ত মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জোনায়েদ সাকি আরও বলেন, জনগণ নতুন সরকারকে যে প্রত্যাশা নিয়ে নির্বাচনে ভোট দিয়েছে, তা বাস্তবায়নে কোনো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনের সময় সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের দুর্নীতির বিষয়ে সতর্ক করেছেন এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার ইতোমধ্যেই ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়া হবে। ১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বিষয়টি মন্ত্রিসভায় তুলে ধরেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা কার্যকর করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement